ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় জমে উঠেছে পশুর বাজার। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে খামারি ও পাইকাররা হাটে নিয়ে আসছেন কোরবানির পশু।
তবে বাজারে পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতা ও ইজারাদাররা।
হাট ঘুরে দেখা যায়, দেশীয় বিভিন্ন জাতের ছোট, মাঝারি ও বড় আকারের গরু নিয়ে সকাল থেকেই হাটে অবস্থান করছেন বিক্রেতারা। বাজারজুড়ে রয়েছে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ।
খামারিরা বলেন, কয়েক মাস ধরে গরু লালন-পালন করে হাটে এনেছেন তারা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ক্রেতা কম আসছে। এতে করে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ভাদুঘর পশুর হাটের ইজারাদার জানান, তিন দিনের জন্য প্রায় ৯৬ লাখ টাকা দিয়ে হাটের ইজারা নেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে বাজারে প্রত্যাশিত ক্রেতা না থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি বলেন, বাজারে সব ধরনের গরু রয়েছে। কিন্তু ক্রেতা কম থাকায় বেচাকেনা জমছে না। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, যেন আমাদের এই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সহযোগিতা করা হয়।
এদিকে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। হাট এলাকায় জেলা পুলিশ ও র্যাবের সদস্যদের টহল দিতে দেখা গেছে।
ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
—জা. অর্থনীতি/এনজে