লালমনিরহাট প্রতিনিধি: অসহায় ও দুস্থদের জন্য লালমনিরহাটের তিস্তাপাড়ে গড়ে উঠেছে ‘ভালবাসার বাজার’। একদিনের জন্য এক টাকায় মিলছে ঈদ বাজার।
সোমবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বাজারের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জানা গেছে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের জন্য এক টাকার বাজারের উদ্যোগ নেন। এ বাজারের নাম দেওয়া হয় তিস্তাপাড়ে ভালবাসার বাজার।
এ বাজারে অসহায় দুস্থরা এক টাকায় কিনতে পারছেন ঈদের বাজার। ক্রেতারা এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ঈদ সামগ্রী সংগ্রহের সুযোগ পাচ্ছেন। তিস্তাপাড়ের ৫০০টি হতদরিদ্র পরিবার এ বাজার থেকে এক টাকার বিনিময়ে ঈদ সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয় করেছেন।
তিস্তাপাড়ের ভালবাসার বাজার উদ্বোধনকালে প্রধান অতিথি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ঈদের আনন্দ যাতে সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে। সে লক্ষ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ উদ্যোগ।
ত্রাণমন্ত্রী আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলোও মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করছে। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে ত্রাণমন্ত্রী বলেন, এখন যারা তিস্তা নিয়ে প্রপাগন্ডা ছড়াচ্ছে তারা তিস্তার দুই কোটির মুনুষের আন্দোলনের সময় কোথায় ছিলেন? তখন তো তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বলেছেন পদ্ম ব্যারেজও হবে তিস্তা মহাপরিকল্পনাও হবে। এ সরকার আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
তিস্তাপাড়ে ভালবাসার বাজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী মানুষজন।
—জা.অর্থনীতি/এনজে