Print Date & Time : 07 November 2026 Saturday 05:13 pm

কিশোরগঞ্জে ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: সদ্য ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা ঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেটের মাধ্যমে গঠিত’ দাবি করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের বিরুদ্ধে স্লোগান দেন।

এ সময় শহরের গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়ে অবরোধের কারণে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধা ঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, ‘কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না, মানবো না।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের অভিভাবক বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন জানাই, বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। আমরা কোনো সিন্ডিকেটের কমিটি মেনে নেব না। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।’

গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ বলেন, ‘আজকের অবরোধ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে কিশোরগঞ্জের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার ৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 

এর আগে গত বছরের ১৫ মে ঘোষিত কমিটি ২০ দিনের মাথায় স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণা করা হলেও আগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউরকে বাদ দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

—জা.অর্থনীতি/এনজে