Print Date & Time : 08 November 2026 Sunday 09:21 pm

‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’ দেখার সুযোগ

image

বিনোদন ডেস্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে ফ্রান্সের প্যারিসভিত্তিক নির্মাতা আমীরুল আরহাম নির্মাণ করেন আলোচিত চলচ্চিত্র ‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’। এবার ঢাকার দর্শকদের জন্য এলো এ চলচ্চিত্রটি দেখার সুযোগ। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে এই প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী। 

প্রদর্শনীর পর দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন প্রামাণ্যচিত্র নির্মাতা আমীরুল আরহাম। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া, গবেষণা ও বিষয়বস্তু নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি। 

‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’ প্রামাণ্যচিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পাকিস্তানি দৃষ্টিকোণ থেকে উপস্থাপনের একটি ব্যতিক্রমধর্মী প্রচেষ্টা দেখা যায়। ইতিহাসের জটিল ও সংবেদনশীল অধ্যায়কে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার কারণে চলচ্চিত্রটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। 

নির্মাতা আমীরুল আরহাম দীর্ঘদিন ধরে প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে ইতিহাস, সমাজ ও সমকালীন বাস্তবতাকে তুলে ধরছেন। তাঁর কাজ আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও স্বীকৃত হয়েছে। ফলে, চলচ্চিত্রপ্রেমী ও আগ্রহী দর্শকদের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকলেও আসনসংখ্যা সীমিত হওয়ায় আগে আসলে আগে প্রবেশের সুযোগ দেওয়া হবে। 

উল্লেখ্য, ফ্রান্সের প্যারিসভিত্তিক নির্মাতা আমীরুল আরহামের নির্বাচিত প্রামাণ্যচিত্র নিয়ে সম্প্রতি রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজনে আমীরুল আরহামের ছয়টি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রদর্শিত হয়। 

—জা. অর্থনীতি/এনএ