জাতীয় অর্থনীতি বিনোদন: সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বড় সাফল্য অর্জন করেছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের প্রশংসিত মিনি সিরিজ ‘অ্যানি’। এই আন্তর্জাতিক স্বীকৃতি নাজিফা তুষির অভিনয় জীবনের অন্যতম বড় প্রাপ্তি হয়ে এল।
উৎসবের ৩২তম আসরে মর্যাদাপূর্ণ ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশি এই সিরিজটি। শনিবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এক জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে এর নাম ঘোষণা করা হয়। এই বিভাগে এমন গল্পগুলোকে পুরস্কৃত করা হয়, যে গল্প বিনোদনেই সীমাবদ্ধ না থেকে সমাজ ও মানুষের মূল্যবোধ তৈরি করে বা ভাবায়।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তুষি তার প্রতিক্রিয়ায় জানান, অ্যানি চরিত্রটি তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। চরিত্রটির নীরবতা ও আবেগ ফুটিয়ে তুলতে গিয়ে নিজের অনেক অজানা দিক আবিষ্কার করেছেন তিনি।
আইস্ক্রিন ও চ্যানেল আইয়ের প্রযোজনায় নির্মিত এই সিরিজে তুষির সঙ্গে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিনসহ অনেকে। এই আন্তর্জাতিক অর্জন দেশের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনকে প্রাণিত করবে।
জা. অর্থনীতি/এআর
