এইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল ৩ লাখ ৮২ হাজার

অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়। এই দুই বিষয়ে ফেল করেছেন মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী। সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে অকৃতকার্য হয়েছেন প্রায় ৬ লাখ শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

বিষয়ভিত্তিক ফলাফলে দেখা যায়, ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। আর আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। অর্থাৎ, শুধু এই দুই বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী।

এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কোনো বছর পাসের হার এত নিচে নামেনি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

এদিকে, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়া হতে পারে। কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে ফেল করেছেন, তাকে শুধু সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

জা.অর্থনীতি/এসআই