জাতীয় অর্থনীতি বিনোদন: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। কারাগারে যাওয়া দুই আসামি হলেন চিত্রনায়ক মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী।
সোমবার (২৬ অক্টোবর) বসুন্ধরায় মান্নার স্ত্রীর ভাড়া বাসার গ্যারেজে অব্যবহৃত গাড়িটি মেরামতের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। এতে মান্নার গাড়ি ও আরেকটি প্রাইভেট কারসহ গ্যারেজ পুড়ে আনুমানিক ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ভবন কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে ওয়ার্কশপে না নিয়ে গ্যারেজের ভেতরেই কাজ করায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনের ব্যবস্থাপক ভাটারা থানায় মামলা করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
আসামিপক্ষের আইনজীবীর দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং এটি ইচ্ছাকৃত নয়। বুধবার (২৮ অক্টোবর) তাদের জামিন শুনানির দিন ধার্য রয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। গাড়িটি বাইরে নিয়ে মেরামত করার কথা থাকলেও তারা মেকানিক ডেকে ভবনের ভেতরেই কাজ করছিলেন। আর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
জা. অর্থনীতি/এআর
