রিয়াদ-দাম্মাম রুটে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী

অনলাইন ডেস্ক: সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত পর্যন্ত ঢাকা থেকে এই দুই গন্তব্যে যাওয়ার ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি ছিল সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইটের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ঢাকা থেকে নেওয়া সম্ভব হয়নি।

এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল।

জা.অর্থনীতি/এসআই