২২০০ বছরের পুরোনো আঙুলের ছাপে মিলল নতুন তথ্য!

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রাচীন টেরাকোটা বাহিনী নির্মাণে শুধু পুরুষ কারিগররাই নন, নারী ও কিশোর-কিশোরীরাও যুক্ত ছিলেন। প্রায় ২২০০ বছর আগের পোড়ামাটির যোদ্ধাদের গায়ে থাকা আঙুলের ছাপ বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। তাদের গবেষণায় প্রাচীন চীনের রাষ্ট্রীয় কর্মশালায় নারী ও শিশুদের অংশগ্রহণের প্রমাণ মিলেছে।

১৯৭৪ সালে চীনের শানসি প্রদেশের লিনটং কাউন্টিতে টেরাকোটা বাহিনীর সন্ধান পাওয়া যায়। সম্রাট কিন শি হুয়াংয়ের সমাধিস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কূপ খননের সময় স্থানীয় কৃষকেরা পোড়ামাটির নিদর্শন খুঁজে পান। পরে খনন চালিয়ে মাটির নিচে সারিবদ্ধ অসংখ্য সৈন্যের মূর্তি আবিষ্কৃত হয়।

গবেষকদের ধারণা, এই বাহিনীতে প্রায় আট হাজার সৈন্য, ৫২০টি ঘোড়া, ১৫০ জন অশ্বারোহী এবং ১৩০টি রথ ছিল। তবে সমাধিক্ষেত্রের বড় একটি অংশ এখনো খনন করা হয়নি।

সম্রাটের সমাধিস্থল জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ শিয়াওক্সি লির নেতৃত্বে একদল গবেষক কারিগরদের পরিচয় অনুসন্ধান করেন। তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব কালচারাল হেরিটেজ’ সাময়িকীতে।

গবেষণায় একটি খননস্থল থেকে পাওয়া ৩৬ জন যোদ্ধার নমুনা পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে শনাক্ত ৯১টি আঙুলের ছাপের মধ্যে ৭৯টি বিশ্লেষণের জন্য রাখা হয়। এর মধ্যে ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষের, ৩২ দশমিক ৭ শতাংশ নারীর এবং ২২ দশমিক ৩ শতাংশ ১৫ বছর বা তার কম বয়সীদের বলে ধারণা করা হচ্ছে।

গবেষকদের মতে, এই ফলাফল প্রাচীন চীনের রাষ্ট্রীয় কর্মশালায় নারী-পুরুষের পাশাপাশি কিশোর-কিশোরীদের কাজ করার ঐতিহাসিক তথ্যকে সমর্থন করে। তবে গবেষণাটির সীমাবদ্ধতা থাকায় কারিগরদের পরিচয় নিয়ে আরও অনুসন্ধান প্রয়োজন।

জা.অর্থনীতি/এসআই