সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলে সামরিক উত্তেজনার মধ্যে নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ন্যাশনাল গার্ডের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

রবিবার (১৮ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, এএইচ-৬আই মডেলের গোয়েন্দা হেলিকপ্টারটি সৌদি আরবের ভূখণ্ডের ভেতরেই বিধ্বস্ত হয়। নিহত দুই কর্মকর্তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান তিনি।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রবিবার ভোরে দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল বলে জানায় জোটের মুখপাত্র।

ঘটনার আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রাজধানী রিয়াদসহ আবহা ও খামিস মুশাইত শহরে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়।

এর আগে শনিবার কয়েক ঘণ্টার মধ্যে রিয়াদ অঞ্চল, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দক্ষিণ সৌদি আরবের আকাশে চারটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল জোট। একই দিন উত্তর ইয়েমেনের সা'দা এলাকায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলার ভিডিও প্রকাশ করা হয়।

অন্যদিকে, হুথিরা দাবি করেছে, শনিবার ইয়েমেন সীমান্তের কাছে তাদের অবস্থানে অভিযান চালানোর সময় সৌদি আরবের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইয়েমেনকে কেন্দ্র করে হুথি ও সৌদি আরবের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

জা.অর্থনীতি/এসআই