ঢাকায় শুরু বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

স্পোর্টস ডেস্ক: রাজধানীতে শুরু হয়েছে চার দেশের নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে রোববার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে বেলুন উড়িয়ে আসরের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে পরিবেশিত হয় দলীয় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের নারী দলগুলোর অংশগ্রহণ আঞ্চলিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ স্বাগত বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এই প্রতিযোগিতার আয়োজন নারীর ক্ষমতায়ন, সমান অধিকার ও সামাজিক অগ্রগতির প্রতি শ্রদ্ধার প্রতিফলন। তাঁর মতে, এই টুর্নামেন্ট দেশের পাশাপাশি এশিয়া জোন-২-এ নারী হ্যান্ডবলের বিকাশেও ভূমিকা রাখবে।

উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও ভারত।

সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্ব। ২১ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

জা.অর্থনীতি/এসআই