জাতীয় অর্থনীতি সারাবাংলা: মেহেরপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয় জনতা সড়ক অবরোধ করলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
নিহত ফাহিম হোসেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার বাসিন্দা ইসাক হোসেনের ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিদ্যালয় ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল শিশু ফাহিম। এ সময় চুয়াডাঙ্গাগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির দূরপাল্লার বাস তাকে মারাত্মকভাবে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্ত পোহাতে হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত শিশু শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি