উষ্ণ আলোয় অনন্য পরীমনি

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি মানেই নতুন লুকে চমক। এবার আভিজাত্যপূর্ণ কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেন পুরোনো দিনের রাজকন্যা, যার রূপ থেকে চোখ ফেরানো দায়! সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে চমৎকার কয়েকটি ছবি প্রকাশ করার পর তার সেই রাজকীয় সাজ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

ছবিগুলোতে পরীমনিকে দেখা গেছে কালো পোশাকে, যার হাতা ও ব্লাউজে সোনালি-রুপালি এমব্রয়ডারির সূক্ষ্ম কারুকাজ সাজে ভিন্ন মাত্রা যোগ করেছে। চুলে ছিল ক্লাসিক খোঁপা আর তাতে শোভা পাচ্ছিল মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপের পাশাপাশি কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল এবং হাতে সোনালি বালা পরা অবস্থায় পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার ফুটে উঠেছে তার পুরো অবয়বে।

কেবল সাজসজ্জাই নয়, ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড বা আবহেও ছিল বিশেষ নান্দনিক আয়োজন। প্রাচীন গ্রামোফোন ও উষ্ণ আলোর মায়াবী পরিবেশে কখনও মিষ্টি হাসি, আবার কখনও গভীর চাহনিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ভক্তদের কাছে তার এই পোশাক, সাজ ও আবহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

প্রসঙ্গত, পরীমনি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে কাজের ফাঁকে সন্তানদের নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন তিনি। আজ শনিবার সকালেও সৈকতের ধারে বসে মেয়েকে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের শুভ সকাল জানিয়েছেন এই চিত্রনায়িকা।