দেবী দুর্গার আগমনী বার্তায় আজ মহালয়া

অনলাইন ডেস্ক: শরতের সাদা মেঘ, কাশফুলের দোলা আর ভোরের চণ্ডীপাঠের মধ্য দিয়ে আজ শনিবার পালিত হচ্ছে মহালয়া। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিন পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার প্রতীক। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আগমনের প্রতীক্ষা। একই সঙ্গে এদিন প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় পালন করা হয় নানা ধর্মীয় আচার।

মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে চণ্ডীপাঠ, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ, ঘট স্থাপন, বিশেষ পূজা, আগমনী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এসব ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন ভক্তরা।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পিতৃপক্ষের শেষ তিথি মহালয়া। এদিন জল ও তিল নিবেদনের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়। অনেকেই নদী বা জলাশয়ের তীরে মন্ত্রপাঠের মধ্য দিয়ে তাদের আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন। পূর্বপুরুষদের স্মরণ করার পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে পারিবারিক ঐতিহ্য ও শিকড়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়।

মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। চণ্ডীপাঠ ও আগমনী সংগীতের সুরে দুর্গাপূজার আবহ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন জানিয়েছেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব সামনে রেখে মন্দির ও পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জা.অর্থনীতি/এসআই