আন্তর্জাতিক ডেস্ক: মাত্র চার সেকেন্ডের একটু বেশি সময়! এর মধ্যেই একটি রুবিকস কিউব মিলিয়ে ফেলছে ছয় বছরের এক শিশু! চীনের ‘লিয়ান ইউনঝি’ এখন নারীদের ৩x৩ রুবিকস কিউব ক্যাটাগরির বিশ্বরেকর্ডধারী। কীভাবে এ পর্যায়ে পৌঁছাল সে? তার পেছনের গল্পটাও যেনো এ রেকর্ডের মতোই চমকপ্রদ।
মাত্র ছয় বছর বয়সেই রুবিকস কিউব মিলিয়ে নারীদের বিশ্বরেকর্ড ভেঙেছে চীনের লিয়ান ইউনঝি! গড়ে ৪.২৭ সেকেন্ডে ৩x৩ রুবিকস কিউব মেলানোর এই কৃতিত্ব এখন তাকে বিশ্বরেকর্ডধারী করেছে।
‘ঝিঝি’ নামে পরিচিত লিয়ান সম্প্রতি গুয়াংজুতে ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশনের আয়োজিত স্পিডকিউবিং প্রতিযোগিতায় এই রেকর্ড করে। এর মাধ্যমে চলতি মাসের শুরুর দিকে গড়ে ৪.৫২ সেকেন্ডের নিজের তৈরি রেকর্ডও ভেঙে ফেলে সে। একক প্রচেষ্টায় চার সেকেন্ডের কম সময়েও কিউব মেলানোর নজির রয়েছে তার।
ঝিঝির মা লিন ইয়াংশি জানান, প্রতিযোগিতার জন্য মেয়েটি দিনে প্রায় তিন ঘণ্টা পর্যন্ত অনুশীলন করে। কর্মদিবসে দুই থেকে তিন ঘণ্টা এবং সপ্তাহান্তে সর্বোচ্চ ছয় ঘণ্টা পর্যন্ত স্পিডকিউবিংয়ে সময় দেয় সে।
চার বছর বয়সে নাচ, আঁকা ও জিমনেস্টিকসের পাশাপাশি স্পিডকিউবিং ক্লাসে ভর্তি হয় ঝিঝি। কয়েক মাসের প্রশিক্ষণে গড় সময় আট সেকেন্ডে নামিয়ে আনলেও পরে তিন থেকে চার মাস তার সময়ে আর উন্নতি হচ্ছিল না। তখন পরিবার হাল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিল।
পরে সাংহাইয়ের এক বিশেষজ্ঞ শিক্ষকের কাছে প্রশিক্ষণ নেয় ঝিঝি এবং এক হাজার ৩০০টিরও বেশি রুবিকস কিউব সূত্র শেখে। এরপর তার গতি দ্রুত বাড়তে থাকে।
মা লিনের মতে, কিউব মেলানো ঝিঝির মনোযোগ, স্মৃতিশক্তি, যৌক্তিক চিন্তাভাবনা ও স্থানিক সচেতনতা বাড়াতে সাহায্য করেছে। তবে, পেশাদার স্পিডকিউবার হওয়ার পরিকল্পনা নেই পরিবারের। মেয়ের এই যাত্রার মাধ্যমে মানসিক দৃঢ়তা ও ধৈর্য তৈরি হোক, এটাই তাদের প্রত্যাশা।
—জা.অর্থনীতি/জেআরটি