জাতীয় অর্থনীতি সারাবাংলা: ঢাকা থেকে ট্রেনে চড়ে মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হওয়া জুবায়েদ ইসলাম জুবেল (২৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১ নম্বর হাজীপুর ইউনিয়নের কটারকোনা সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত জুবায়েদ ইসলাম জুবেল উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়াগামী একটি ট্রেনে ওঠেন জুবেল। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে মুঠোফোনে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকেই জুবেলের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যথাসময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দেয়। স্বজনেরা তাকে খুঁজে পেতে যোগাযোগ নম্বর উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোগিতা চান। অবশেষে নিখোঁজের তিন দিন পর শুক্রবার কটারকোনা এলাকায় রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্বজনেরা গিয়ে লাশটি জুবেলের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে কুলাউড়া থানা ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে সুরতহালসহ আইনি প্রক্রিয়া শুরু করেছে। চলন্ত ট্রেন থেকে পড়ে দুর্ঘটনা নাকি কোনো অপরাধমূলক চক্রের শিকার- তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নিখোঁজ যুবকের মৃত্যুর খবরে উত্তর হিঙ্গাজিয়া গ্রামসহ পুরো কুলাউড়া উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
—জা. অর্থনীতি/এলএটি