নিলামে ৪ কমলা ৫০ হাজার ও আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে এক ওয়াজ মাহফিলে ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার উদ্দেশ্যে খোলা নিলামে তোলা চার পিস (এক হালি) কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায় এবং আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মরিচা মাদরাসার ওয়াজ মাহফিল চলাকালে রাত একটার দিকে প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান শেষে মাদরাসার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে শুভাকাঙ্ক্ষীদের প্রদত্ত এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলেন। ফেসবুকে সরাসরি সম্প্রচারিত (লাইভ) এই নিলামে মাত্র ৫ হাজার টাকা থেকে হাঁক শুরু হয়ে একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বিড করে কমলা চারটি কিনে নেন ওই এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মালিক রুকন। একই মাহফিলে আধা কেজি খেজুর নিলামে তোলা হলে তা ১৫ হাজার টাকায় বিক্রি হয়।

কমলা ক্রয়কারী প্রবাসীর ছেলে আব্দুল আজিজ সালমান জানান, মূলত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও সহযোগিতা করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এর পাশাপাশি তার বাবা ওই মাদরাসায় প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ারও অঙ্গীকার করেছেন।

মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের সহযোগিতায় পরিচালিত এই মাদরাসার উন্নয়ন ও পরিচালনার স্বার্থে বিগত কয়েক বছর ধরেই মাহফিলে সংগৃহীত ফলমূল প্রতীকী নিলামে তোলা হয়। দানশীল ও প্রতিষ্ঠানটির শুভাকাঙ্ক্ষীরা দ্বীনি শিক্ষা রক্ষায় উৎসাহী হয়েই বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে এসব ফল কিনে নেন।  —জা. অর্থনীতি/এলএটি