উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে চট্টগ্রামে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ছবি: সংগৃহীত

কর্পোরেট ডেস্ক: উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইনগত প্রক্রিয়া ও পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডাব্লিউসিসিআই)-এর সহযোগিতায় এবং বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১-এর আওতায় শনিবার (৩ অক্টোবর) থেকে সিডাব্লিউসিসিআইয়ের সেমিনার হলে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসার বিভিন্ন আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হচ্ছে। বিশেষ করে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার দক্ষতা এবং ব্যবসার টেকসই উন্নয়নে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন সিডাব্লিউসিসিআইয়ের পরিচালক ও প্রশিক্ষক নূজহাত নূয়েরী কৃষ্টি এবং বিডিএস এক্সপার্ট ও প্রশিক্ষক মো. হাফিজুর রহমান। প্রশিক্ষণের প্রথম দিনে মোট ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ম্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড-এর বাস্তবায়নে দেশের ১৬টি জেলায় মোট ৪২টি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ১ হাজার ৫০ জন উদ্যোক্তাকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ নারী এবং ২৫ শতাংশ পুরুষ উদ্যোক্তা রয়েছেন।

—জা.অর্থনীতি/এনজে