যারা আসেনি  তালিকা করেন খাগড়াছড়ি পাঠিয়ে দিলে ঠিক হয়ে যাবে: শ্রমমন্ত্রী
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা অনুপস্থিত থাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভার শুরুতেই দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধানদের অনুপস্থিতির বিষয়টি নজরে আসলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে বলেন, "যারা আজ গুরুত্বপূর্ণ এ সভায় আসেনি তাদের সবার নামের তালিকা তৈরি করেন। তাদের খাগড়াছড়ি পাঠিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে।"

প্রশাসনিক কাজের গতি আনার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, "আমরা যার যার অবস্থান থেকে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, তবে অতি দ্রুত জেলার অনেক সমস্যার সমাধান সম্ভব। সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় থাকলে এলাকার সার্বিক উন্নয়নকাজের প্রশাসনিক রীতিনীতি বাস্তবায়ন অনেক সহজ হয়ে যায়।"

সভায় উপস্থাপিত জেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও স্থানীয় প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে নোট করেন প্রধান অতিথি। তিনি জানান, আজ উত্থাপিত প্রস্তাবনাগুলোর মধ্যে আগামী মাসে কয়টি বাস্তবায়িত হলো তা নিবিড়ভাবে তদারকি করা হবে। জেলাপর্যায়ের পাশাপাশি আগামীতে উপজেলা পর্যায়েও ধারাবাহিকভাবে এমন তদারকি সভা আয়োজনের ঘোষণা দেন তিনি।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রবাসী কল্যাণ এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্যরা, জেলা পরিষদ প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের জেলা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দায়িত্বরত কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে মন্ত্রীর এমন কঠোর অবস্থান ও হুশিয়ারির পর স্থানীয় প্রশাসনে কাজের গতি ফিরবে বলে মনে করছেন সুশীল সমাজ ও সংশ্লিষ্টরা।

—জা. অর্থনীতি/এলএটি