‘মিয়ারচরবাসীকে নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে’
ছবি: জাতীয় অর্থনীতি

বরিশাল প্রতিনিধি: আড়িয়াল খাঁ ও পালরদী নদীর ভাঙনকবলিত এলাকার মানুষের সুরক্ষায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর লঞ্চঘাট এলাকায় গুরুত্বপূর্ণ নদীতীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধনকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

এর আগে সকাল ১০টার দিকে তিনি স্পিডবোটযোগে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত মিয়ারচর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন বলেন, "নদী ভাঙন গৌরনদীবাসীর জন্য এক দীর্ঘদিনের অভিশাপ। সরকারের পক্ষ থেকে গৌরনদীর মিয়ারচর এলাকার জনগণকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে এবং স্থায়ী নদী তীর রক্ষা বাঁধ ও টেকসই ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।"

একই দিনে তিনি উপজেলার পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল এবং মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রামসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে এসব এলাকার স্থায়ী বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কার্যকর ও সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পরিদর্শন ও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য নেতৃবৃন্দ।  

—জা. অর্থনীতি/এলএটি