মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় জীবনে সব ধরনের বৈষম্য দূর করার ওপর তাগিদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, চাকরিতে পুলিশি ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের হয়রানি ও মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। তরুণ সমাজ কোনো দলের লেজুড়বৃত্তি করতে চায় না; বরং ছাত্র সংসদকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের মূল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লবের মূল চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে ডাকসু ভিপি বলেন, "জুলাই অভ্যুত্থানের মূল দর্শনই ছিল একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠন করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অতি অল্প সময়ের ব্যবধানে আমরা আবারও পুরোনো বৈষম্য, ক্যাম্পাসে ক্যাম্পাসে দখলদারিত্ব, চাঁদাবাজি ও লেজুড়বৃত্তিক রাজনীতির বিষবাষ্প ফিরে আসতে দেখছি। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকারকে পুনরায় খর্ব করার চক্রান্ত চলছে, যা ছাত্রসমাজ মেনে নেবে না।"
নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠনের দিকনির্দেশনা দিয়ে সাদিক কায়েম বলেন, "তোমরাই আগামী দিনের আগামীর সমৃদ্ধ বাংলাদেশের মূল কাণ্ডারি। কেবল একটি পুঁথিগত সনদের পেছনে না ছুটে নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলো। অন্ধ মুখস্থবিদ্যার ওপর নির্ভর না করে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিগত জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করো এবং এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ক্যারিয়ার গঠন করো।"
কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্য শেষে ডাকসু ভিপি শিক্ষার্থীদের মুক্ত প্রশ্নের জবাব দেন এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন।
—জা. অর্থনীতি/এলএটি