কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় হালিম মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত হালিম মন্ডল ওই গ্রামের মৃত কলম মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খয়েরপুর এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক মাতব্বরি ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলায় লিপ্ত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০-১২ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে হালিম মন্ডলের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ তাৎক্ষণিক এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত বকুল সর্দার (৪৫) নামে একজনকে আটক করেছে। আটককৃত বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
সংঘর্ষ ও নিহতের সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ জানান, "সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে এই নৃশংস হামলার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।"
তিনি আরও জানান, এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।
—জা. অর্থনীতি/এলএটি