আন্তর্জাতিক ডেস্ক: উচ্চ বেতনের করপোরেট চাকরি ছেড়ে নিজ শহরে ফালুদার ব্যবসা শুরু করেছিলেন প্রদীপ কান্নান। মাত্র ১০×১০ ফুটের একটি কিয়স্ক থেকে যাত্রা শুরু করা তাঁর প্রতিষ্ঠান ‘দ্য ফালুদা শপ’ এখন ৯ কোটি রুপির বেশি বার্ষিক রাজস্ব আয় করছে। ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও ছড়িয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম।
২০১৯ সালে ভারতের তামিলনাড়ুর কারুর শহরে ব্যবসাটি শুরু করেন প্রদীপ। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে স্নাতক হওয়ার পর পোশাকশিল্পে কর্মজীবন শুরু করেন তিনি। পরে মুম্বাই থেকে ব্যবস্থাপনায় ডিগ্রি অর্জন করে ভারত ও দুবাইয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কাজ করেন। এরপর যোগ দেন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলে।
চাকরির সময় তাঁর মাসিক আয় ছিল প্রায় ১ লাখ রুপি। তবে গতানুগতিক করপোরেট জীবন ছেড়ে নিজস্ব ব্যবসা গড়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি। ফালুদাকে আধুনিক, উন্নতমানের এবং ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ব্যবসায়িক ধারণায় রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেন।
প্রথম দিকে বড় কোনো প্রচারণা ছাড়াই ব্যবসা পরিচালনা করেন প্রদীপ। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়লে কারুরের ছোট্ট কিয়স্ক থেকে প্রতিষ্ঠানটি ভারতের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারিত হয়। বর্তমানে কারুরের মূল শাখার বাইরে আরও ১৭টি স্টোর রয়েছে, যার মধ্যে দুবাইয়ের একটি শাখাও অন্তর্ভুক্ত।
‘দ্য ফালুদা শপ’ ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি ফ্র্যাঞ্চাইজি মালিকদের কর্মী নিয়োগ, কাঁচামাল সরবরাহ ও প্রশিক্ষণে সহায়তা করে। এর জন্য নির্ধারিত প্রাথমিক ফি দিতে হয়।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, উত্তর ভারতে প্রথম শাখা গুরগাঁওয়ে চালু হতে যাচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে পানীয় ফালুদা ও ক্যানজাত প্রস্তুত ফালুদার মতো নতুন পণ্যও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: এনডিটিভি
জা.অর্থনীতি/এসআই