কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চাহিদা অনুযায়ী রাসায়নিক সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকেরা। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ কৃষকদের হাতে অবরুদ্ধ হয়ে পড়েন দায়িত্বপ্রাপ্ত এক উপসহকারী কৃষি কর্মকর্তা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজার এলাকায় বিসিআইসি ডিলার 'মেসার্স ভাই ভাই ট্রেডার্স'-এর প্রতিষ্ঠানের সামনে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্র ও বিক্ষুব্ধ কৃষকেরা জানান, চলতি মৌসুমে মাঠে সারের তীব্র সংকট দেখা দেওয়ায় সারের সরকারি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবিতে সকালে গাবতলা বাজারে জড়ো হন শতাধিক কৃষক। একপর্যায়ে তারা নাগেশ্বরী-কচাকাটা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বল্লভেরখাস ইউনিয়ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে এলে বিক্ষুব্ধ কৃষকেরা তাঁকে ডিলারের দোকানে অবরুদ্ধ করে রাখেন।
আন্দোলনরত কৃষকেরা কৃত্রিম সার সংকট নিরসনের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ডিলার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।
খবর পেয়ে বেলা ১০টার দিকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সদস্যরা হস্তক্ষেপর মাধ্যমে অবরুদ্ধ উপসহকারী কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে নিরাপদে কচাকাটা থানায় নিয়ে যান। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন এবং পর্যাপ্ত সার সরবরাহ ও অনিয়মের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ প্রত্যাহার করেন।
প্রায় তিন ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে।
—জা. অর্থনীতি/এলএটি