এশিয়ান ট্যুরিজম ফেয়ারে চট্টগ্রামের গ্যালেরিয়া–ইউর সেকেন্ড হোম
ছবি: জাতীয় অর্থনীতি

চট্টগ্রাম প্রতিনিধি: রাজধানী ঢাকায় আয়োজিত ৩ দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে নজর কেড়েছে চট্টগ্রামের শীর্ষস্থানীয় সমন্বিত হসপিটালিটি ও লাইফস্টাইল ডেস্টিনেশন ‘গ্যালেরিয়া–ইউর সেকেন্ড হোম’। পর্যটন ও আতিথেয়তা খাতের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে চট্টগ্রামকেন্দ্রিক আন্তর্জাতিক মানের আবাসন, খাবার, বিনোদন ও জীবনযাপন সেবার বৈচিত্র্যময় প্যাকেজ তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া এ মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের ৩০০টিরও বেশি পর্যটন ও হসপিটালিটি বিষয়ক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

চট্টগ্রামের ফয়েজ লেক রোডে অবস্থিত 'গ্যালেরিয়া'র অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন শ্রেণির অতিথিদের জন্য একই ছাদের নিচে সমন্বিত সেবা প্রদান করা। প্রতিষ্ঠানটিতে আধুনিক আবাসন সুবিধাসহ রয়েছে ২৪ ঘণ্টার খাবার সেবা, রুফটপ মিউজিক ক্যাফে, অ্যাডভেঞ্চারভিত্তিক স্পোর্টস ও গেমিং জোন, সুইমিং পুল এবং আধুনিক ওয়েলনেস সুবিধা। এছাড়া ব্যবসায়িক করপোরেট মিটিং, সামাজিক ও বৈবাহিক উৎসব আয়োজনের জন্য রয়েছে সুবিশাল আধুনিক ইভেন্ট স্পেস।

মেলার স্টলে আগত দর্শনার্থীরা গ্যালেরিয়ার আবাসন ও বিনোদন সুবিধা জানার পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রাম ঘিরে লাইফস্টাইল ট্যুরিজমের নানা সম্ভাবনা সম্পর্কে অবহিত হচ্ছেন।

এ প্রসঙ্গে সিপিডিএল (CPDL) পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন জানান, "এশিয়ান ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণের প্রধান লক্ষ্য হলো দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে শক্তিশালী সংযোগ তৈরি করা। পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ হসপিটালিটি ও লাইফস্টাইল ডেস্টিনেশন হিসেবে ‘গ্যালেরিয়া’র সম্ভাবনাকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া।"

পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।

—জা. অর্থনীতি/এলএটি