শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা-পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ হওয়া জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে যান। সেখানে তিনি শহীদ জুবায়েরের বোন জেসমিন আকতারের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় চিকিৎসকরা জেসমিনের চিকিৎসার বিষয়ে সার্বিক তথ্য দেন। পাশাপাশি তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান।

হাসপাতালে উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান ও শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিকসহ অনেকে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন জুবায়ের হোসেন। তার একমাত্র বোন জেসমিন আকতার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

জা.অর্থনীতি/এসআই