১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন একটি প্রস্তাব দিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ আগের প্রস্তাব বাতিল করার পর প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার নতুন উদ্যোগের কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সাংবিধানিক পরিষদ গত আগস্টের মাঝামাঝি সময়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধসংক্রান্ত আগের আইনটি বাতিল করে। পরিষদের মতে, আইনের একটি অংশ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতপ্রকাশের স্বাধীনতায় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করেছে।

মাখোঁ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ‘কঠোর কৌশলগত কাজের পর’ সরকার নতুন খসড়া আইনটি ইউরোপীয় কমিশনকে অবহিত করেছে।

নতুন প্রস্তাবটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাইয়ের জন্য ইউরোপীয় কমিশনকে অবহিত করা হয়েছে। আইনটি কার্যকর করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শিশু ও কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করা প্রেসিডেন্ট মাখোঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। আগামী বছর তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এ নিষেধাজ্ঞা কার্যকর করতে চান।

ফ্রান্সের এই উদ্যোগ শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না মাখোঁ। পুরো ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের বিধিনিষেধ চালুর আহ্বানও জানিয়েছেন তিনি।

ইইউর প্রধান উরসুলা ফন ডার লিয়েন চলতি সপ্তাহে ব্রাসেলসে দেওয়া এক ভাষণে শিশুদের জন্য পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন।

শিশু-কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশও তাদের প্রবেশাধিকার সীমিত করার উদ্যোগ নিচ্ছে।

জা.অর্থনীতি/এসআই