আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পূর্ব জাভার সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশের বানজারমাসিন যাওয়ার পথে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
বানজারমাসিন সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, গন্তব্যের পথে জাহাজটি যোগাযোগব্যবস্থায় সমস্যায় পড়ে। এরপর জাহাজটির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে শনাক্ত করা হয়। ওই স্থানটি বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে।
বানজারমাসিনের উদ্ধার সংস্থার অপারেশন প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের দিকে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। পাশাপাশি ত্রিসাক্তি এলাকায় একটি অপারেশন পোস্ট স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আবহাওয়া খারাপ হওয়ার তথ্য পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই জাহাজটি সমস্যায় পড়ে।
উদ্ধারকারী দল জাহাজটির সর্বশেষ অবস্থান ও সম্ভাব্য গতিপথ ধরে তল্লাশি চালাচ্ছে। তবে জাহাজটির বর্তমান অবস্থান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সুনির্দিষ্ট কারণ এবং যাত্রীদের অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জা.অর্থনীতি/এসআই
