লালমনিরহাটে বিধবার বসতঘর ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে মল্লিকা বেওয়া নামের এক অসহায় বিধবা নারীর বসতঘর ভেঙে জমি দখলের চেষ্টা ও নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার কাজীরহাট বানিনগর এলাকার বাসিন্দা মল্লিকা বেওয়া তার স্বামী প্রয়াত কুদ্দুস হোসেনের ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তিতে টিনের ঘর নির্মাণ করে দুই শিশুসন্তানকে নিয়ে বসবাস করে আসছেন।

অভিযোগে মল্লিকা বেওয়া উল্লেখ করেন, সম্প্রতি স্থানীয় মোক্তার আলীসহ কয়েকজন প্রভাবশালী তার স্বামীর রেখে যাওয়া ওই জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা শুরু করেন। এমনকি তার একমাত্র থাকার ঘরটি ভেঙে তা খালি করার জন্য অভিযুক্তরা নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।

ভুক্তভোগী বিধবা মল্লিকা বেওয়া বলেন, “আমার বসতঘরটি ভাঙতে না পেরে তারা চারপাশ দিয়ে টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। দুই শিশুসন্তান নিয়ে আমি অতি কষ্টে এই বাড়িতে বসবাস করে আসছি। বসতঘরটি ভেঙে দেওয়া হলে সন্তানদের নিয়ে আমার রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার এবং সন্তানদের নিয়ে নিরাপদে বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নিরূপায় এই নারী।  

—জা. অর্থনীতি/এলএটি