ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় আকস্মিক তীরধসে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ দুজন নদীতে নিখোঁজ হয়েছেন। সঙ্গে থাকা অন্য তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুজনকে উদ্ধার করা যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন 'গরিবের দুবাই' বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন- ভোলা পৌর শহরের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা বিজিবি সদস্য আমজাদ হোসেন (২৮) এবং শিবপুর ইউনিয়নের মো. রাকিব (২৬)। স্বজনেরা জানান, বিজিবি সদস্য আমজাদ ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং আগামী ১৯ সেপ্টেম্বর তার কর্মস্থলে ফেরার কথা ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীরে স্থাপন করা বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ জিওব্যাগসহ তীরের একটি বিশাল অংশ মেঘনার প্রবল স্রোতে ধসে পড়ে। এতে পাঁচজনই একসঙ্গে নদীতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় তিনজন সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব মুহূর্তেই নদীর প্রবাল স্রোতে ভেসে নিখোঁজ হন।
ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি ডুবুরি দল বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। রাতভর খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় মেঘনার বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি
