আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে রিপাবলিকান পার্টির এক মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বর্তমানে চলমান এবং যুক্তরাষ্ট্র এতে জয়ী হচ্ছে। যুদ্ধ শেষ হলে তেলের দাম কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। তাই এর নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ করা উচিত বলে তিনি মনে করেন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ইঙ্গিতও দেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও কঠোর মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ইরান ‘ভেঙে পড়ছে’ এবং গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে দেশটি ‘বুলি’র ভূমিকা পালন করেছে। তবে এখন আর ইরান সেই অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এসব বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
এর আগে জুনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। ওই উদ্যোগকে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহত্তর শান্তি চুক্তির সম্ভাব্য ভিত্তি হিসেবে দেখা হয়েছিল। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
জা.অর্থনীতি/এসআই
