অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রকল্পটির প্রস্তাব উত্থাপন করা হয়।
দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুল পরিমাণ পৌর বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য সংগ্রহ, অপসারণ ও সংরক্ষণের জন্য পর্যাপ্ত ল্যান্ডফিলের অভাব দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
সরকারের প্রত্যাশা, পিপিপির আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হলে একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। প্রকল্পের আওতায় পৌর বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ল্যান্ডফিলে বর্জ্য পাঠানোর পরিমাণও কমানো সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনার ওপর চাপ কমার পাশাপাশি নগর পরিবেশ আরও পরিচ্ছন্ন ও টেকসই করতে সহায়তা করবে। একই সঙ্গে বর্জ্যকে সম্পদ হিসেবে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
জা.অর্থনীতি/এসআই