সরকারি চাল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী বাজারে সরকারি চাল অবৈধভাবে মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ২৭ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অসাধু ওই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার গোমতী ইউনিয়নের গোমতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় ব্যবসায়ী বাবুল মিয়ার দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি ওজনের মোট ২৭ বস্তা চাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাবুল মিয়া ভিডিপির পিসি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় গোমতী বাজারে ব্যবসা পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তায় চাল মজুতের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত চাল গোমতী ইউপি হলরুমে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

অভিযান পরিচালনাকালে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক ও তবলছড়ি খাদ্য গুদামের কর্মকর্তা আবদুর রহিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু জানান, সরকারি খাদ্যশস্য নিয়ে যেকোনো অনিয়ম ও কারসাজি রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি