কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে খালাতো ভাইবোন।

নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরা প্রতিবেশী অপর এক শিশুর সাথে নানাবাড়ির পাশের পুকুরে ছেঁড়া মশারি দিয়ে মাছ ধরতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে তারা নিখোঁজ হয়। সাথে থাকা শিশুটি ভয়ে বিষয়টি কাউকেই না জানিয়ে বাড়ি ফিরে যায়। পরবর্তীতে দুপুর ১টার দিকে স্থানীয়রা পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। খবর পেয়ে স্বজনেরা এসে পুকুর থেকে প্রথমে সিয়ামের এবং পরবর্তীতে পানির নিচ থেকে ডুবন্ত অবস্থায় মোফাসসিরার মরদেহ উদ্ধার করেন।

ওসি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি