নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামি সবুজ ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসি এলাকা থেকে তার সহযোগী এজাজুল হককেও গ্রেপ্তার করে পুলিশ।
মাদক নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা
গ্রেপ্তার সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। আর এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সবুজ ওরফে কালাই সবুজের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায়, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সবুজ।
সাতক্ষীরায় বিদেশি অস্ত্র, গুলিসহ আটক ১
দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তারে গত ৪ মাস ধরে কাজ করছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর রাতে কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এজাজুল হককে।
পুলিশ জানিয়েছে, এজাজুলের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ২ জনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে