আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্যাংক অব আমেরিকার ৩২ বছর বয়সী এক কর্মকর্তা। নিহতের নাম এরিন পিয়াচেন্তি। তিনি ব্যাংকটির বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার ব্যাংক অব আমেরিকা পিয়াচেন্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সহকর্মীর আকস্মিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। পিয়াচেন্তিকে একজন মূল্যবান সহকর্মী হিসেবে উল্লেখ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ব্যাংকটি।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে ম্যানহাটনের ওয়েস্ট ৪২তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে। ব্যস্ততম ওই এলাকায় হামলার পর কিছু সময়ের জন্য স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং ঘটনাস্থলে ছুটে আসে বিপুলসংখ্যক জরুরি সেবার গাড়ি।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি এলোমেলো ও উসকানিবিহীন হামলা বলেই মনে হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলায় ৬৮ বছর বয়সী আরও এক ব্যক্তি ছুরিকাহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।
ঘটনার সময় ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরস নামের এক নারী দুটি বড় ছুরি হাতে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাকে অস্ত্র ফেলে দিতে বাধ্য করার চেষ্টা করে এবং স্টান গান ব্যবহার করে। তাতে কাজ না হওয়ায় কর্মকর্তারা গুলি চালান। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, সিসনেরসের আগে থেকেই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার নথিভুক্ত ইতিহাস ছিল।
নিহত এরিন পিয়াচেন্তি ২০২১ সালে ফোর্ডহ্যাম ল স্কুল থেকে আইন বিষয়ে স্নাতক হন। একই সময়ে তার স্বামী ফ্র্যাঙ্কও ওই প্রতিষ্ঠান থেকে স্নাতক হন। পিয়াচেন্তির মৃত্যুতে ফোর্ডহ্যাম ল স্কুল কর্তৃপক্ষও গভীর শোক প্রকাশ করেছে।
ব্যাংক অব আমেরিকার গ্লোবাল করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্ট ম্যাথিউ কোডার এক অভ্যন্তরীণ বার্তায় পিয়াচেন্তিকে ‘প্রিয় সহকর্মী ও বন্ধু’ হিসেবে স্মরণ করেন। তিনি জানান, প্রায় ১৮ মাস আগে ব্যাংকটিতে যোগ দিয়েছিলেন পিয়াচেন্তি।
কোডার আরও বলেন, ব্যাংকের নিরাপত্তা বিভাগ পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। পাশাপাশি ব্যাংকের কার্যালয় ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ম্যানহাটনের ওয়ান ব্রায়ান্ট পার্কে ব্যাংক অব আমেরিকার কার্যালয় অবস্থিত, যা টাইমস স্কয়ারের খুব কাছেই।
জা.অর্থনীতি/এসআই