জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বিরোধপূর্ণ জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সুরুজ আলী ও তার লোকজনের বিরুদ্ধে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রিরচর আকন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে বাদীপক্ষ।
মামলার নালিশী ভূমির নথি সূত্রে জানা যায়, ইসলামপুর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-১২২/২০২৬)-এ বাদী মো. তারা মিয়া গং এবং বিবাদী সুরুজ আলী গং। বিরোধপূর্ণ জমিটি কিসমত গোবিন্দি মৌজার ৮৮০ নম্বর খতিয়ানের ৩৯৫৩ নম্বর দাগের অন্তর্ভুক্ত, যার মোট পরিমাণ প্রায় ১ একর ৩৮ শতাংশ। ওই জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র বিরোধ চলে আসছিল। শুনানি শেষে আদালত উক্ত জমিতে বাদীপক্ষকে বেদখল বা ব্যবহারে কোনো বাধা সৃষ্টি না করতে বিবাদীদের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আদালতের নির্দেশ কার্যকর করতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বাদীপক্ষের প্রতিনিধি সাংবাদিক মনির অভিযোগ করে বলেন, "আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞার কপি থাকার পরও বুধবার সকালে সুরুজ আলী গং বেআইনিভাবে জমি দখলের চক্রান্ত চালায়। এ সময় আমরা জরুরি সেবা ও স্থানীয় থানায় ফোন করে পুলিশি সহায়তা চাইলেও সময়মতো সহযোগিতা পাইনি।" তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুরুজ আলী বা তার স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আদালতের নিষেধাজ্ঞার লিখিত আদেশ তারা হাতে পেয়েছেন। নালিশী জমিতে জবরদখলের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশি টহল পাঠানো হয়েছে।
বর্তমানে ওই বিরোধপূর্ণ জমি ও এলাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন এবং দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
—জা. অর্থনীতি/এলএটি
