ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটে ২ সপ্তাহ ধরে ফেরি চলাচল বন্ধ
ছবি: জাতীয় অর্থনীতি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা সংকটের কারণে টানা ১৬ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। চ্যানেল ড্রেজিংয়ে অবহেলা ও কর্তৃপক্ষের গাফিলতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালক-শ্রমিকেরা।

সোমবার (৩১ আগস্ট) সকালে নৌ-বন্দর এলাকায় গিয়ে দেখা যায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চালু হওয়ার পর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ৬৫ দিনের মধ্যে নাব্যতা সংকটের অজুহাতে ৫৪২ দিনই ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ‘কদম’ নামে একটি ফেরি থাকলেও ঘাটে কয়েক দিন ধরে আটকে থাকা ট্রাকগুলো বাধ্য হয়ে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় করে বিকল্প পথে ফিরে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি চিলমারীর সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ জানান, রৌমারী ঘাট এলাকায় পানি কমে যাওয়ায় গত ১৪ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নতুন ড্রেজিং মেশিন পাঠানোর কথা থাকলেও তা এখনো পৌঁছায়নি। অন্যদিকে ড্রেজিংয়ের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী সমীর চন্দ্র পাল জানান, রৌমারী ঘাটে স্থানীয়দের বাধার কারণে খননকাজ বন্ধ রেখে কেবল দুইশো বিঘা এলাকায় কাজ চালানো হচ্ছে।

এদিকে নৌ-রুটের এ ভোগান্তি নিরসন ও ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু রাখার বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

—জা. অর্থনীতি/এলএটি