নিজস্ব প্রতিবেদক: পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (৩০ আগস্ট) দুপুরে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায় এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক। সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব সোহাগ তালুকদার। এ ছাড়া বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয় এবং তা বিবেচনা ও অনুমোদন করা হয়। একইসঙ্গে ২০২৫ সালের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১০ শতাংশ নগদ লভ্যাংশও অনুমোদিত হয়।
সভার বিশেষ কার্যসূচির আওতায় কোম্পানির নাম "Purabi General Insurance Company Limited" থেকে পরিবর্তন করে "Purabi General Insurance PLC" রাখার প্রস্তাবও অনুমোদিত হয়েছে, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মজিবুল ইসলাম কোম্পানির প্রতি শেয়ারহোল্ডারদের আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণ কোম্পানির কার্যক্রম ও ব্যবস্থাপনার প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির ভবিষ্যৎ অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
—জা.অর্থনীতি/আরএস