নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের বিভিন্ন বস্তি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চার্জের কাজে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অভিযানের স্থানগুলোর মধ্যে রয়েছে- কাফরুল থানাধীন কাফরুল স্টাফ কোয়ার্টার সংলগ্ন পকেট বস্তি এলাকা এবং রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তি, চলন্তিকা বস্তি ও টিনশেড বস্তি এলাকা।
'সরকার বলে কোন সংকট নেই, তাহলে বিদ্যুৎ থাকে না কেন?'
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর সহযোগিতায় সংশ্লিষ্ট থানা পুলিশ ও পিওএম ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে জব্দ করা হয়- আনুমানিক ২০০ মিটার বৈদ্যুতিক তার, ৫০০টি চার্জিং পয়েন্ট, ৩টি চার্জিং অ্যাডাপ্টার, একাধিক বৈদ্যুতিক মিটারসহ ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখা এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এনজে