খাগড়াছড়ি প্রতিনিধি: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করবেন বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
রোববার (৩০ আগস্ট) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে এই পরিষদ কাজ করবে। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
জীবনসংগ্রামের স্বীকৃতি মিললেও থাকার ঘর নেই সুমীর
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে। পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ এবং নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও রুবেল মারমা।
অনুষ্ঠানে নবনিযুক্ত পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
—জা. অর্থনীতি/এনজে