জ্যেষ্ঠ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন মোট ১৩ দিন চলবে। আগামী ১০ সেপ্টেম্বর অধিবেশন শেষ হওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করতে সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনগুলোর দিন ও মেয়াদ নিয়েও আলোচনা হয়।
তবে ১৩ দিনের মধ্যে সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অধিবেশন বসবে না। প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৮১টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ২৪৯টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে উপস্থিত ছিলেন।
—জা.অর্থনীতি/আরএস