নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। এর মাধ্যমে মহাসড়কে গতিসীমা লঙ্ঘন, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।
মঙ্গলবার (১৮ অগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই প্রযুক্তি চালুর সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এআই প্রযুক্তি চালু করা হবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং মহাসড়কে শৃঙ্খলা আরও জোরদার হবে।
প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের তথ্য সরাসরি বিআরটিএর তথ্যভান্ডারে চলে যাবে।

আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে বার্তা পাঠিয়ে মামলার তথ্য জানানো হবে। এরপর মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
বারবার আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মহাসড়কে চাঁদাবাজি বন্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মালিক, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের যে কারও পক্ষ থেকে চাঁদাবাজি হলে তা সিসিটিভি ও এআই ক্যামেরায় রেকর্ড থাকবে। প্রযুক্তির ব্যবহারে এ ধরনের অপরাধ কমিয়ে মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত করা সম্ভব হবে।
মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও অযান্ত্রিক যান চলাচলের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। তবে স্থানীয় ফিডার সড়ক ব্যবহার ও সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার প্রয়োজনীয় বিষয়গুলো শৃঙ্খলার সঙ্গে সমন্বয় করতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি ফারুক আহমেদ, বাংলাদেশ পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এএইচএ