যবিপ্রবিতে ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আটটি অনুষদের আওতাধীন ৩৮টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন ভিসি অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

অনুষ্ঠানে জানানো হয়, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি পদক্ষেপে দিকনির্দেশনা দিতে এই হ্যান্ডবুকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, অর্জন, সকল দপ্তর ও বিভাগের পরিচয়সহ সিটিজেন চার্টার, একাডেমিক ক্যালেন্ডার ও অর্ডিনেন্স, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নিয়মাবলী, লাইব্রেরি ও ল্যাব ব্যবহারের বিধি, বৃত্তি সুবিধা এবং হল ব্যবস্থাপনা ও শৃঙ্খলাবিধিসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই আমাদের এই উদ্যোগ। প্রথমবারের মতো প্রকাশিত এই হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের সময় বাঁচাবে এবং ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের সেবা এবং করণীয়-বর্জনীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পায়, তারই একটি মাধ্যম হবে এই নির্দেশিকা।” প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের হাতে এর প্রিন্ট কপি পৌঁছে দেওয়া হবে।

রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যবিপ্রবির প্রোভিসি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট ও উপ-রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) নিত্যানন্দ পাল উপস্থিত ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি