ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বাঁধনের কার্যক্রম, বারবার চিঠি দিয়েও মেলেনি সাড়া
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’। দীর্ঘদিন ধরে নতুন ও নিরাপদ অফিস কক্ষ বরাদ্দের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনো এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংগঠনটির।

‘বাঁধন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের অধীনে ২০টি হল ইউনিট ও পরিবারকে সঙ্গে নিয়ে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে সংগঠনটির কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমও পরিচালিত হয়।

তবে বর্তমানে বাঁধনের কার্যালয়টি অত্যন্ত সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ভবনে অবস্থিত। সংগঠনটির দাবি, ভবনের ছাদের পলেস্তারা প্রায়ই খসে পড়ছে। এতে সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

বাঁধন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের সাধারণ সম্পাদক বায়জীদ আহমেদ বলেন, "স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নিরাপদ ও উপযুক্ত অফিস কক্ষ অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নতুন অফিস কক্ষ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি"

তিনি আরও বলেন, “বাঁধনের স্বেচ্ছাসেবকরা নিয়মিত রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ অফিসে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করি, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত বিষয়টি সমাধানে উদ্যোগ নেবে।”

—জা. অর্থনীতি/এলএটি