‘বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’

অনলাইন ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

রবিবার (১৬ আগস্ট ) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাছের পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদানের উদ্যোগের কথাও জানান সরকারপ্রধান।

দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবারই রাষ্ট্রক্ষমতায় এসেছে, কিছু মহল তখনই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বিগত সময়ের অপরিকল্পিত কাজের ফলেই আজ দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস সংকটের মুখোমুখি হচ্ছে।

তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এখনই সময় এবং ফ্যাসিবাদকে বিদায় করার পর এখন সবাইকে একসঙ্গে মিলে রাষ্ট্র মেরামতে কাজ করতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

—জা.অর্থনীতি/জেআরটি