লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাঁচটি উপজেলায় তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চরম লোডশেডিং। দিনে-রাতে দফায় দফায় বিদ্যুতের ভেলকিবাজিতে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সরেজমিনে জানা গেছে, দিনভর ভ্যাপসা গরমের পর রাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় তীব্র ঘুমহীনতায় ভুগছেন খেটে খাওয়া মানুষ। এতে সকালে শারীরিক দুর্বলতা নিয়ে ঠিকমতো কাজে যেতে পারছেন না দিনমজুরেরা। চার্জারচালিত রিকশা, ভ্যান ও অটোরিকশার ব্যাটারি ঠিকমতো চার্জ না হওয়ায় চালকদের দৈনন্দিন আয় অর্ধেকে নেমে এসেছে। এছাড়া ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি চলমান পরীক্ষার মুহূর্তে তীব্র গরমে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা।
ক্ষতিগ্রস্ত দিনমজুর আজগার আলী ও অটোচালক সাইদুর রহমান জানান, রাতে বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন উপার্জনের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, অন্যদিকে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।
কালীগঞ্জ নেসকো (বিক্রয় ও বিতরণ বিভাগ)-এর নির্বাহী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম জানান, এলাকায় বর্তমানে ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় অর্ধেকের কম বরাদ্দ পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে, তবে সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে।
—জা. অর্থনীতি/এলএটি