ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের (৫০) মাটির নিচে পুঁতে রাখা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার জারুলতলা গ্রামের রঞ্জনা খালের পাশ থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ধান ব্যবসায়ী বিল্লাল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি জিডি করা হয়। বুধবার দুপুরে রঞ্জনা খালের পাশে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা দুর্গন্ধ পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করলে স্বজনরা তা শনাক্ত করেন।
ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে ১৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল হক জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যার মূল কারণ ও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। —জা. অর্থনীতি/এলএটি