রোমে নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশে আসছে শুক্রবার

নোয়াখালী প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর একই পরিবারের তিন সদস্যের মরদেহ আগামী শুক্রবার দেশে পৌঁছাবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার রাতে নিজ এলাকায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হবে।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে অয়ন। তিনি মরদেহ নিয়ে শুক্রবার বাড়িতে আসবেন এবং জানাজা ও দাফনে অংশ নেবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১১ আগস্ট ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রোমের কাসালোত্তি এলাকার পিয়াজ্জা ওর্মেয়া (Casalotti, Piazza Ormea) এলাকায় নিহত তিনজনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে।

স্বজনরা জানান, সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছাবে। পরে বিকেলে নোয়াখালীতে আনা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার রাতে চরকাঁকড়া ইউনিয়নে নিজ বাড়ির পাশে শিশু নিকেতন স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

এর আগে গত ২৬ জুন রাতে ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে নিহত হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও কন্যা। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। একই সময় গুরুতর আহত অবস্থায় তাদের ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।

—জা.অর্থনীতি/জেআরটি