গোপালগঞ্জ প্রতিনিধি: "জুলাই চেতনায় গড়বো দেশ - সবার আগে বাংলাদেশ" এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬'।
বুধবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ পৌরসভার অন্তর্গত লঞ্চঘাট মডেল মসজিদ সংলগ্ন 'জুলাই স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ড. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয় এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এক স্মারক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে শহীদদের মহান আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান অতিথিরা।
—জা. অর্থনীতি/এলএটি